বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ৩ নম্বর দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত। নির্বাচনে জয়ী হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় আনোয়ার হোসেন হেমায়েত বলেন, দেহেরগতি ইউনিয়ন আমার জন্মভূমি, আমার শিকড় এবং আমার ভালোবাসার ঠিকানা। এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের স্বপ্নকে আমি হৃদয়ে ধারণ করি। আমি আপনাদের সন্তান ও আপনাদেরই একজন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গঠনে কার্যকর ভূমিকা রাখব। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেব।
তিনি আরও বলেন, নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের পাশে দাঁড়াব। ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেব।
ইউনিয়নের নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে হেমায়েত বলেন, ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট স্থাপন এবং গভীর নলকূপ বসানোর পরিকল্পনা রয়েছে। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
রাজনৈতিক পরিচয় ও পারিবারিক ঐতিহ্যের প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে দেহেরগতি ইউনিয়ন ও বাবুগঞ্জ উপজেলার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মজিবুর হক বাবুল বাবুগঞ্জ থানার প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের সভাপতি ছিলেন। আমি দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাকে বিভিন্ন সময়ে মামলা, হামলা ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমার পরিবারকেও বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হতে হয়েছে।
আনোয়ার হোসেন হেমায়েত সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ৩ নম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁর প্রচারবার্তায় উল্লেখ করা হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো পেশা নয়, জনগণের সেবাই আমার একমাত্র লক্ষ্য। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেহেরগতি ইউনিয়নের সব মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই প্রার্থিতার ঘোষণায় দেহেরগতি ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




