ফখরের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেত টানা তিন বছর পাননি সেঞ্চুরির দেখা। ত্রিদেশীয় সিরিজেও ছিলেন বিবর্ণ। এই সিরিজে তার চারটি ইনিংস-১৬, ০, ১০,৫। তবু ফখরের ওপর আস্থা রাখে পাকিস্তান। এরই প্রতিদান দিলেন আজকের ফাইনালে।

ব্যর্থতার বৃত্ত ভেঙে করা ফখরের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। লাহোরে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩২৬ রানের লক্ষ্য তাড়ায় ১২৭ রান করেন ফখর। ওয়ানডেতে এটি ফখরের দ্বাদশ সেঞ্চুরি। তার ৯৯ বলের ইনিংসটি সাজানো ছয়টি ছক্কা ও ১১টি চারে। পাকিস্তান জয় পায় ৩ উইকেট ও ৯ বল হাতে রেখে।

ওয়ানডের বহুদলীয় কোনো সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের হয়ে একাধিক সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার এখন ফখর। এর আগে কিংবদন্তি সাঈদ আনোয়ারেরও সেঞ্চুরি ছিল ২টি।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও সেঞ্চুরি করেন ফাখার। শিরোপা জেতার ওই ম্যাচে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এছাড়া আজকের ফাইনালে উইকেটরক্ষক সাদ বেগ খেলেন ৭৫ বলে ৭৪ রানের ইনিংস। শেষ দিকে আরাফাত মিনহাসের ৩১ বলে ৬১ রানের ঝড়ে রোমাঞ্চকর জয় পায় পাকিস্তান। এর আগে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩২৫ রানের পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top