উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উজিরপুর উপজেলা মহিলা কলেজ মাঠে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক হাজারের কাছাকাছি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি খোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা ডক্টর সামিউল আলম ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য ডক্টর ফখরুদ্দিন খান রাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, জেলা ওলামা সম্পাদক হাফেজ কাউসার হোসাইনসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বক্তারা কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, আদর্শিক দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কর্মীদের সর্বোচ্চ সাংগঠনিক স্তর ‘রুকন’ হওয়ার শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নিতে বিভিন্ন দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।




