বরিশাল জার্নাল ডেস্ক
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে শাহীন শিকদার নামে এক ব্যক্তির ইসলামি আন্দোলনে যোগদানের সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করেছে বাকেরগঞ্জ উপজেলা জামায়াত।
উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের শাহীন শিকদার জামায়াতে ইসলামী ছেড়ে শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনে যোগদান করেছেন মর্মে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, গারুড়িয়া ইউনিয়নে শাহীন শিকদার নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী নেই এবং অতীতেও তিনি কখনো জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন না। সুতরাং তাঁকে জামায়াতের কর্মী হিসেবে উপস্থাপন করে দলত্যাগের যে সংবাদ প্রচার করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
বিবৃতিতে জামায়াত ইসলামী বলেছে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন এবং প্রকাশিত মিথ্যা সংবাদটি অবিলম্বে সংশোধন বা প্রত্যাহার করুন।




