বরিশাল জার্নাল ডেস্ক
জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।
দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। নানা সময়েই তাকে নিয়ে চর্চা হয়। এবার স্ক্রিনশেয়ার করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে।
‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ নামের একটি শর্টফিল্মে একসঙ্গে দেখা যাবে মামদানি-জায়েদকে। প্রবাসীদের দুঃখ সুখ নিয়ে নির্মিত শর্টফিল্মটির প্রথম এপিসোড প্রকাশ পায় গত মার্চে। এবার আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় এপিসোড।
জায়েদ বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।
শর্টফিল্মে মামদানির যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তাঁরাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাঁদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।
এই অভিনেতা আরও বলেন, তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। তবুও অভিনয় করার সময় তিনি বারবার পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।
আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি ঠিকানার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে শর্টফিল্মটি। পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন।




