উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির ডা. এস এম মাহফুজুর রহমান, জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাউসার হোসাইন।
এছাড়াও সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং পুরুষ ও মহিলা রুকনরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপজেলা আমিরের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা জামায়াতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন মাওলানা আব্দুল খালেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থানে নিয়ে যেতে হবে। এ জন্য সকল পর্যায়ের দায়িত্বশীল ও রুকনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।




