বিনোদন ডেস্ক
পোশাকশিল্পের সফল ব্যবসায়ী থেকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক, দুই জগতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অনন্ত জলিল। তবে সম্প্রতি একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকার বেশি ঋণ থাকা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। নেটদুনিয়ার একাংশ তাকে ‘দেউলিয়া’ বলেও কানাঘুষা করছে।
এমন পরিস্থিতিতে অনন্ত জলিলের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও অভিনেতা ওমর সানী। অনন্তের সততা ও সংগ্রামের প্রশংসা করে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেছেন যে, এই সংকট তিনি সফলভাবেই কাটিয়ে উঠবেন।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওমর সানী।
সেই ভিডিওতে অনন্ত জলিলের পক্ষে কথা বলতে গিয়ে সানী বলেছেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয়— এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
অনন্তকে নিয়ে চলা অতিরিক্ত আলোচনা ও সমালোচনার সমালোচনা করে সানী আরও বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’
এরপর অনন্তের উদ্দেশে সানী বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
চলচ্চিত্রে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও দীর্ঘ দিন ধরে নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ওমর সানী। অনন্ত জলিলের প্রসঙ্গ টানতে গিয়ে নিজের ব্যবসার কথা উল্লেখ করেন তিনি।
সানী জানান, তার এই রেস্তোরাঁ ব্যবসা নিয়েও অনেকে বিভিন্ন সময় সমালোচনা করেন, তবে তিনি সেসবে কান দেন না। অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজটা সততার সঙ্গে করে যাওয়াই তার কাছে মুখ্য বিষয়।




