বরিশাল জার্নাল ডেস্ক
বিচার কার্যক্রম চলাকালে আদালতের এজলাসে ভেঙে পড়েছে ছাদের পলেস্তারা। এ সময় আতঙ্কিত হয়েছে পড়েন বিচারকসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিচার প্রার্থীরা।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালের বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরোনো আদালত ভবন দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাকেরগঞ্জ সহকারী জজ আদালতের পেশকার মো. রাসেল জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কোর্ট চলছিল। ঠিক সেই মুহূর্তে আদালত ভবনের ওপর থেকে পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে। এতে আদালতের ভেতরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি বলেন, আদালত ভবনের ওপরের অংশ সিলিং করা ছিল। এ কারণে সরাসরি পলেস্তারা খসে নিচে পড়েনি। এটা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমরা চাই দ্রুত ঝুঁকিপূর্ণ আদালত ভবন সংস্কার করা হোক।
বরিশাল জেলা জজ আদালতের নাজির মাঈনুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি অনেক আগেই সংস্কারের কথা ছিল। কিন্তু গণপূর্ত বিভাগ কী কারণে সেটা করেনি আমরা জানি না। তবে যত দ্রুত সম্ভব আদালত ভবনটি সংস্কার জরুরি। না হলে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কালবেলা




