জায়েদ খানের আর্থিক সহায়তা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী

বিনোদন ডেস্ক

শারীরিক গুরুতর অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন। এর মাঝেই তাঁর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা গ্রহণ না করে ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন এই গুণী শিল্পী।

শনিবার, ২৬ সেপ্টেম্বর জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

ঘটনার সূত্রপাত ঘটে কয়েক দিন আগে, যখন কবি রিফাত চৌধুরীর চিকিৎসার সুবিধার্থে এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। তবে টাকাটি রিফাত চৌধুরীর হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ পায় যে, জায়েদ খান তাঁর চিকিৎসায় সহায়তা পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই চরম অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করেন রিফাত চৌধুরী।

এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, জায়েদ খান তাঁকে কোনো সহায়তা করেননি। পরবর্তীতে জানা যায়, জায়েদ সত্যিই টাকা পাঠিয়েছিলেন। কিন্তু শনিবার সেই টাকা হস্তান্তরের চেষ্টা করা হলে তিনি তা স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। শুরুতে বেড না পেয়ে কয়েক দিন হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর রাতে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।

আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরীর ১৯৮৪ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। চার দশকের সাহিত্যজীবনে তাঁর ২৯টি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি ছোট পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’-এর ‘জাতীয় কাকা’ চরিত্রসহ ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক সমাদৃত হন তিনি।

বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী। সুস্থ হয়ে ফিরতে পারলে অভিনয় ও নতুন নাটক পরিচালনায় মনোনিবেশ করার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top