পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাকেরগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় খাল থেকে কচুরিপানা অপসারণের পাশাপাশি ড্রেন, নালা ও রাস্তার পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলার রঘুনাথপুর গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।

পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসক মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অভিযানের শুরুতে রঘুনাথপুর এলাকার কাটাখালী খাল থেকে দীর্ঘদিন জমে থাকা কচুরিপানা অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ড্রেন ও নালায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদেরও নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, বাকেরগঞ্জবাসীর জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত উপজেলা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

তিনি বলেন, রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন না ফেলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বলেন, রঘুনাথপুরের কাটাখালী খাল কচুরিপানামুক্ত করার মধ্য দিয়ে আজকের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি পরিচ্ছন্নতা অভিযান সফল করতে উপজেলা প্রশাসন, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top