আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বিনোদন ডেস্ক

সম্প্রতি ওমরাহ পালন করে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পবিত্র এই সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনারও মুখোমুখি হন তিনি। এবার সেই সমালোচনার জবাব দিয়ে দীর্ঘ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে ওমরাহ যাত্রার পেছনের গল্প, নিজের অনুভূতি এবং সমালোচকদের উদ্দেশে বার্তা তুলে ধরেন তিনি।

ভাবনা জানান, অনেকের কাছে তার ওমরাহ সফরের সিদ্ধান্ত হঠাৎ মনে হলেও, বাস্তবে বিষয়টি দীর্ঘদিনের ইচ্ছার ফল। তার বাবা-মা সবসময় আল্লাহর ঘরে যেতে চেয়েছেন। তিনিও গত তিন বছর ধরে ওমরাহ করার কথা ভাবছিলেন, কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ব্যাংকক সফর শেষে গত ৬ জুন দেশে ফেরার আগের রাতে আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষায় অনেক কেঁদেছিলেন। বান্ধবী দিয়াকেও নিজের সেই ইচ্ছার কথা জানিয়েছিলেন। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে, ২৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহর উদ্দেশে রওনা হন।

এই অভিনেত্রীর ভাষায়, ‘আল্লাহ আমাকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি।’ ওমরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গ টেনে ভাবনা বলেন, কিছু মানুষ তার ওমরাহ হবে কি না, তা নিয়েও কটূক্তি করেছেন। তবে এসব মন্তব্যে তিনি বিচলিত নন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আল্লাহ যদি না চান, আপনি কি তার ঘরে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আল্লাহ তার সব বান্দাদের ভালোবাসেন। আমি জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না। তবে আমি জানি, আল্লাহ আছেন। আল্লাহ সব দেখেন। আমার মনে কী আছে, আমার নিয়ত কী-সবই তিনি জানেন। আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাই না।’

ওমরাহর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণও ব্যাখ্যা করেছেন ভাবনা। তার ভাষ্য, মক্কা ও মদিনায় কাটানো প্রতিটি অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে তাকে দেখে যদি কেউ আল্লাহর ঘরে যাওয়ার অনুপ্রেরণা পান, সেটিই হবে তার সবচেয়ে বড় সার্থকতা।

 

স্ট্যাটাসের শেষদিকে সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘আজ শুক্রবার। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।’

ভাবনার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। অনেকে তার অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ইতিবাচক মন্তব্যও করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top