জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভুলের ঊর্ধ্বে দেখেন না দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদেরও ভুল ও অপরাধ হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ। আমাদেরও ভুলত্রুটি হয়। তবে আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।’
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি জামায়াতের কোনো নেতাকর্মীর অন্যায়, অপরাধ বা অনিয়ম দেখতে পান, তাহলে তা দলের নজরে আনতে হবে। এমন তথ্য পেলে দল তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেবে।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যারা নৈতিকতার প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরেন, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেয় না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোনো ভুল যদি সংশোধনযোগ্য হয়, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া দলের সামনে অন্য কোনো পথ থাকবে না।
একই সঙ্গে তিনি নিজেসহ সব নেতাকর্মীকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top