বরিশাল জার্নাল ডেস্ক
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের (১২) পরিবারের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নগরীর কাটাবিল এলাকায় আহত শিক্ষার্থীর বাড়িতে যান তিনি। সেখানে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ্য করে এমপি বলেন, মাদক কারবারিরা থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপরও আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব—এটা ঠিক না। এই পরিবারের কাছে আমরা কী জবাব দেব? মাদক কারবারিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনি ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
পরে আহত শিক্ষার্থীর মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে সন্তানের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন মনিরুল হক চৌধুরী।
ইথানের মা সোনিয়া আক্তার বলেন, অপু ও সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। বৃহস্পতিবার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। টিফিন শেষে বাসায় ফেরার পথে তার পিঠে গুলি লাগে। আমার একমাত্র ছেলে। ওর কিছু হলে আমি কী নিয়ে বাঁচব?
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বৃহস্পতিবার দুপুরে গুলিবিদ্ধ হন ইথান আহমেদ প্রেম। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এশিয়া পোস্ট




