বরিশাল জার্নাল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নবগঠিত ‘বরিশল’ ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কেও যান চলাচল বন্ধ ছিল। অবরোধের কারণে ভারতে রপ্তানি পণ্যবাহী কয়েকটি ট্রাকও কোড্ডা এলাকায় আটকা পড়ে।
রোববার (৮ নভেম্বর) সকাল সোয়া ৭টা থেকে এ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ চলার পর আগামী ৭২ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন এই ইউনিয়ন গঠিত হয়। তাঁর বাড়ি ‘বরিশল’ গ্রামে। ‘বরিশল’ গ্রামটিও আগে ‘বাসুদেব’ ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। নবগঠিত ‘বরিশল’ ইউনিয়নকে আখাউড়া উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রামকে বিচ্ছিন্ন করে বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন ওইসব গ্রামের বাসিন্দারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ। এরই অংশ হিসেবে রোববার সকালে রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, ‘প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির প্রভাব খাটিয়ে তাঁর ভাই কবীর আহমেদ ভূঁইয়া এসব করছেন। বরিশল বিলের পাড়ের একটি গ্রাম। এই গ্রাম কোনোভাবেই ইউনিয়ন হতে পারে না। তাঁর এসব কর্মকাণ্ডে বিএনপিরও ক্ষতি হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এ ছাড়া কক্সবাজারগামী বিরতিহীন আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও নিরাপত্তাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।
স্টার নিউজ




