বরিশাল জার্নাল ডেস্ক
বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় ১৯৯৮ সালের যোধপুরের কৃষ্ণসার হরিণ শিকার মামলা। সেই বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে ‘কালা হিরণ’ নামে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ছবিটির নির্মাণসংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই আপত্তি জানিয়েছেন সালমান খান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার লিগ্যাল টিম ছবির নির্মাতাদের কাছে কড়া আইনি নোটিশ পাঠিয়েছে। সালমানের দাবি, তার অনুমতি বা সম্মতি ছাড়াই ব্যক্তিগত জীবনের একটি সংবেদনশীল আইনি বিষয়কে কেন্দ্র করে সিনেমার গল্প নির্মাণ করা হচ্ছে, যা তার ভাবমূর্তি ও সামাজিক সম্মানের জন্য ক্ষতিকর হতে পারে। সূত্র: আজকাল
নোটিশে সালমানের আইনজীবীরা উল্লেখ করেছেন, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার জীবনের বাস্তব ঘটনা কিংবা আইনি জটিলতাকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা আইনগত প্রশ্নের জন্ম দিতে পারে। বিশেষ করে এমন বিষয় যদি সংশ্লিষ্ট ব্যক্তির সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে তা আরও গুরুতর হয়ে ওঠে।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলাটি দীর্ঘদিন ধরে ভারতীয় বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। এ মামলাকে ঘিরে বহুবার আদালতে হাজিরা দিতে হয়েছে সালমানকে। এদিকে অভিনেতা বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এমন সময়ে ‘কালা হিরণ’ বিতর্ক নতুন করে তার অতীতের সেই বহুল আলোচিত অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, আইনি নোটিশের পর নির্মাতারা কী সিদ্ধান্ত নেন।




