ফানি ভিডিও বানিয়ে দুবাইয়ে ৪৭ দিন বন্দি ছিলেন ভারতীয় কমেডিয়ান

বিনোদন ডেস্ক

দুবাইয়ে অবস্থানকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে একটি ভিডিও পোস্ট করার অপরাধে দীর্ঘ ৪৭ দিন বন্দি থাকার পর অবশেষে গত ৫ মে ভারতের স্ট্যান্ডআপ কমেডিয়ান যশ ভরদ্বাজকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মুম্বাইয়ের এই বাসিন্দা সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং এটিকে তার জীবনের অন্যতম কঠিন সময় বলে বর্ণনা করেছেন।

বিতর্কটির শুরু হয় ২০২৬ সালের মার্চ মাসে, যখন যশ দুবাইয়ে গুগুল ম্যাপের ত্রুটি নিয়ে একটি মজার রিল ভিডিও আপলোড করেন। সেই কৌতুক নকশায় মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সৃষ্ট জিপিএস বিভ্রাটের প্রসঙ্গ উল্লেখ ছিল।

পরবর্তীতে গত ১৯ মার্চ দুবাইয়ে একটি শো-এর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ দুবাই পুলিশের সদর দপ্তর থেকে তার কাছে ফোন আসে এবং অবিলম্বে সেখানে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

যশের মতে, তিনি এটিকে একটি সাধারণ ও নিরীহ কৌতুক মনে করলেও, দুবাই কর্তৃপক্ষ ভিডিওটিকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে।

যশ বলেন, ‘এটি একটি সাধারণ এবং বোকা ধরনের রিল ছিল—কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি মোটেও হাসিমুখে নেয়নি। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে আমাকে আটক ও গ্রেফতার করা হয় এবং একটি ডিটেনশন সেন্টারে আমাকে ৪৭ দিন কাটাতে হয়।’

পুরো ঘটনাটি যে এভাবে একটি সাধারণ কৌতুক থেকে গুরুতর আইনি জটিলতায় রূপ নেবে, তা ভাবতেও পারেননি যশ। এই বন্দিদশা এবং মামলার অনিশ্চয়তা তার ও তার পরিবারের ওপর তীব্র শারীরিক, মানসিক এবং আর্থিক চাপ সৃষ্টি করেছিল।

তিনি জানান, ‘৫ মে ভারতে ফিরে এসেছি। আমার বা আমার পরিবারের জন্য এটি মোটেও সহজ ছিল না—এটি আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং কিছুটা হলেও আর্থিকভাবে নিঃশেষ করে দিয়েছে।’

দুবাই থেকে বিতাড়িত করার আগে এই কমেডিয়ানকে প্রায় সাত সপ্তাহ একটি কেন্দ্রীয় ডিটেনশন সেন্টারে কাটাতে হয়, যা তার ভাষায় ছিল—‘অত্যন্ত অপরিচ্ছন্ন, জনাকীর্ণ এবং অনিয়ন্ত্রিত।’

নতুন করে শুরুর প্রত্যয়

মুম্বাইয়ে ফেরার পর যশ আবারও মঞ্চে পারফর্ম করা শুরু করেছেন। সহকর্মী এবং দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।

তার ভাষায়, ‘আমি এখন আবার ট্র্যাকে ফিরে এসেছি এবং ভাগ্যবশত আমার পরিবারও ভালো আছে। মুম্বাই আমার প্রতি সদয় ছিল, যার কারণে আমি ধারণার চেয়েও অনেক দ্রুত মঞ্চে ফিরতে পেরেছি।’

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যশ জানান, তিনি এখন বেঙ্গালুরুতে স্থানান্তরিত হওয়ার কথা ভাবছেন; ১৬ বছর আগে এই শহরেই তার স্ট্যান্ডআপ ক্যারিয়ার শুরু হয়েছিল। তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং নতুন পারফরম্যান্স ও সৃজনশীল প্রজেক্টে মনোযোগ দিতে চান।

তবে এই অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দিয়েছে যে, একটি ছোট কৌতুকও কতটা মারাত্মক রূপ নিতে পারে—বিশেষ করে তা যদি কোনো সংবেদনশীল ভূ-রাজনৈতিক ইস্যুকে স্পর্শ করে।

উল্লেখ্য, এই পুরো ঘটনাটি নিয়ে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top