বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের জন্য কোরবানির আয়োজন করে আসছিলেন পরীমণি। তবে গত কয়েক বছর ধরে তিনি সেই আয়োজন থেকে দূরে রয়েছেন। এবারও এফডিসিতে কোরবানি দেননি ঢালিউডের আলোচিত এই নায়িকা।
এশিয়া পোস্টের ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন পরীমণি। যেখানে তিনি জানান এফডিসিতে কোরবানি না দেওয়ার কারণ।
তিনি বলেন, জীবনের প্রথম নিজের টাকা দিয়ে এফডিসিতে কোরবানি দিয়েছিলাম। এখন দেওয়া হয় না। কারণ, সেই সুযোগটি আমাকে দেওয়া হয়নি। আমি একটা পলিট্রিক্সের মাঝে পড়ে গিয়েছিলাম। আমি একটা দিলে অন্যজন দুইটা দেয়। আমি পাঁচটা দিলে কেউ আটটা দেয়। তখন ভাবলাম ওকে সবাই যেহেতু করছে ,আমি অফ যাই। আমি যেদিন থেকে অফ দিলাম, সেবার থেকে অন্যদেরও এফডিসিতে কোরবানি দেওয়া বন্ধ হয়ে গেল। যেটি আসলে আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম, পরবর্তীতে সেটি প্রতিযোগিতা হয়ে গিয়েছিল।
উপস্থাপিকা মৌসুমী হামিদের সঙ্গে আড্ডার এক পর্যায়ে এই অভিনেত্রী প্রেম নিয়েও খোলামেলা কথা বলেন।
পরীমণি জানান, কোনো নায়কের সঙ্গে প্রেম করার ইচ্ছা তার কখনো হয়নি। এমনকি তার মাথাতেই আসেনি যে, হিরোর প্রেমে পড়তে হবে।
সুপারস্টার শাকিব খানকে ঘিরে সবসময় নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। ক্যারিয়ারের শুরুর দিকে দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও পরীমণির সঙ্গে নায়কের প্রেম নিয়ে কোনো কথা ওঠেনি।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, তখন ক্যারিয়ারের শুরু। প্রেম হলেও হতে পারত, তবে হয়নি। আর হবেও না। হিরোর সঙ্গে যে বাস্তবে প্রেম করতে হবে, এমনটা কখনো মাথাতেই আসেনি।




