উজিরপুরে সাংবাদিকদের সাথে এসিল্যান্ডের মতবিনিময়

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ভূমি ও নাগরিক সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং প্রশাসন-সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর পৌরসভায় পৌর প্রশাসকের কার্যালয়ে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, পৌরসভার নাগরিক সেবা, জনদুর্ভোগসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থে প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসনের কাছে তুলে ধরা হবে। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার মানুষের সেবার মান আরও উন্নত করা সম্ভব।

মতবিনিময় সভায় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়াম, সাবেক সভাপতি আবদুর রহিম সরদার, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, নির্বাহী সদস্য কল্যাণ কুমার চন্দ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র হাজারী, সদস্য আসাদুজ্জামান সোহাগ, গোলাম মোস্তফা আকাশ, রফিকুল ইসলাম হিমেল, সাংবাদিক মেহেদী হাসান ভুইয়া ও নিয়াজ মাহমুদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উজিরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top