বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আহত

বোরহানউদ্দিন ও লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিনে মটরসাইকেলে পিকআপের ধাক্কায় মিফতাহুল জান্নাত রাফা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ফেরদৌস আরা মুন্নি ও বাবা সোহেল গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন বৌদ্ধেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিফতাহুল জান্নাত রাফার মা ফেরদৌস আরা মুন্নি মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সোহেল ও সাত বছরের মেয়ে মিফতাহুল জান্নাত রাফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন শিক্ষিকা ফেরদৌস আরা মুন্নি। তারা বৌদ্ধেরপোল এলাকায় পৌঁছালে একটি বাইরোড থেকে উঠে আসা পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিশু মিফতাহুল জান্নাত রাফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সোহেলকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ফেরদৌস আরা মুন্নিও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাফ আলী বলেন, মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে রাফা নামে এক শিশু নিহত হয়েছে। তার মা-বাবাও আহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, চাকরির সুবাদে ফেরদৌস আরা মুন্নির পরিবার বর্তমানে কুঞ্জেরহাট বাজারসংলগ্ন ডিগ্রি কলেজের পাশে আবুল কালাম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top