বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মালিকবিহীন ২৬টি গরু জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ভাবনার চর (বামনের চর) এলাকা থেকে বাছুরসহ গরুগুলো উদ্ধার করে মেহেন্দিগঞ্জ থানায় নেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গরুগুলো মালিকবিহীন অবস্থায় চরাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো চোরাই গরু হতে পারে। গরুগুলোর প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই মেহেন্দিগঞ্জে গরু চুরির ঘটনা বেড়েছে। কয়েক মাস আগে দাদপুর চর এলাকা থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হলেও চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
ঈদ সামনে রেখে সম্প্রতি উপজেলায় গরু চুরির ঘটনা আরও বেড়েছে বলে অভিযোগ খামারিদের। চুরি আতঙ্কে উপজেলার বিভিন্ন এলাকায় খামারি ও কৃষকেরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। তাদের দাবি, গরু চুরি ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে।
ওসি মো. মমিন উদ্দিন বলেন, গরুগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো চোরাই গরু হতে পারে। মালিক পাওয়া না গেলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চোরাই গরুর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এশিয়া পোস্ট




