বরিশাল জার্নাল ডেস্ক
বলিউড হোক আর দক্ষিণী—ভারতজুড়ে সিনেমার প্রধান আকর্ষণ হচ্ছে সিনেমায় থাকা গান-নাচ। এমনও হয়েছে একটি মাত্র গান দিয়েই পুরো সিনেমা হিট। সেই গানের আকর্ষণ ও উন্মাদনায় সিনেভক্তরা হুড়মুড় করে ছোটেন সিনেমা হলে। আর এসব গান সুনিপুণভাবে ফুটিয়ে তোলেন প্লে-ব্যাক গায়করা।
বর্তমানে হিন্দি সিনেমায় প্লে-ব্যাক গায়কের শীর্ষ তালিকায় আছেন শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, সুনিধি চৌহান ও অরিজিৎ সিং। যদিও সম্প্রতি অরিজিৎ সিনেমার গান গাইবেন না বলে ঘোষণা দেন। তবে এখনো পর্দার নেপথ্যে দাপিয়ে বেড়াচ্ছেন শ্রেয়া ঘোষাল-সোনু নিগমরা। তাদের পারিশ্রমিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে চর্চা। সবার ধারণা পারিশ্রমিকের দিক থেকেও তারা আছেন শীর্ষে। তবে সেই ধারণা ভুল। সংগীতশিল্পী হিসেবে শীর্ষে আছেন সুরের জাদুকর এ আর রহমান।
পারিশ্রমিকের তালিকায় শীর্ষে থাকলেও এ আর রহমান আসলে সুর বাঁধতেই বেশি অভ্যস্ত। সংগীত পরিচালক হিসেবেই বিশ্বজুড়ে খ্যাতি তার। ভারতের সব ইন্ডাস্ট্রিতেই রয়েছে তার সাড়া জাগানো কাজ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন তিনি। একটি সিনেমায় একটি গান করতে কোটি রুপির মতো নেন অস্কারজয়ী এ আর রহমান। ‘জয় হো’ গানটি দিয়ে অস্কার পুরস্কার পান। কিছু কিছু গানে তিন কোটি রুপিও পারিশ্রমিক দেওয়া হয় তাকে।
এরপরের অবস্থানে আছেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। মিষ্টি কণ্ঠের অধিকারিণী একটি গান গেয়ে ২৫ লাখ রুপি পারিশ্রমিক নেন। শ্রেয়ার পরে তালিকায় আছেন অরিজিৎ ও সুনিধি। বলিউডে গুঞ্জন, গানপ্রতি ২০ থেকে ২২ লাখ রুপি পারিশ্রমিক পান তারা।
পারিশ্রমিকের নিরিখে সোনু নিগমের পাশাপাশি বাদশা তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। সোনু ও বাদশা একটি গান গাওয়ার জন্য ১৮ থেকে ২০ লাখ রুপি টাকা পারিশ্রমিক নেন।




