মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিনের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সরকারিভাবে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগের পর ৬২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন শিক্ষকরা। মঙ্গলবার উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান অসুস্থ ছাত্রীদেরকে দেখতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি বলেছেন, ছাত্রীরা ভয় থেকে অসুস্থ হয়ে পড়েছে। এটি গুরুত্বর কিছু নয়।
জানা গেছে, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে মঙ্গলবার সকালে ওই স্কুলের প্রায় ১৬২ জন ছাত্রীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়ার কথা ছিল। এরই মধ্যে মোট ৬২ জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়। কিছুক্ষণ পর হঠাৎ করে এক ছাত্রী মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপরে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ২টা পর্যন্ত ৬২ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৬ জনকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন হাসপাতালের টিএস নিরুপম সরকার সোহাগ।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে কারো হাত-পা জ্বালাপোড়া করে, কেউ বমি করে, কারো মাথা ব্যথা করে, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে এমন সমস্যা দেখা দিয়েছে। আহত শিক্ষার্থীরা ৫ম, ৬ষ্ট, ৭ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
উল্লেখ এই প্রকল্পের আওতায় এবার ভোলায় ১ লাখ ২১ হাজার ৫৮০ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। এ কর্মসূচিতে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, শিশুরা মূলত ম্যাস সাইকোলজিক্যাল ইলনেসে (গণ মনস্তাত্ত্বিক অসুস্থতা) আক্রান্ত হয়েছে। এটি তেমন গুরুতর কোনো রোগ নয়। তিনি বলেন, এখানে এমনও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে যাদের শরীরে টিকা প্রয়োগ করাই হয়নি। সে জন্য আমরা বলছি এটি ম্যাস সাইকোলজিক্যাল ইলনেস। এতে ভয়ের কোনো কারণ নেই।
জেলা প্রশাসক আরো বলেন, আমরা বোরহানউদ্দিন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রেখেছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। ঘটনার পর আপাতত ওই স্কুলে টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অসুস্থদের চিকিৎসার জন্য ৫সদস্য বিশিষ্ট কমিটি এবং অসুস্থতার কারণ অনুসন্ধানের করার জন্য ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।




