অর্থ আত্মসাতের অভিযোগে নায়িকার বাবা গ্রেপ্তার

বরিশাল জার্নাল ডেস্ক

১৩ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এক সপ্তাহ আগে গত শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। ‍পুলিশ জানিয়েছে, ওই দিন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী মিজানুর রহমান প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার আবেদন করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধুর কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top