বরিশাল জার্নাল ডেস্ক
আজমেরী হক বাঁধন, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তী সময়ে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাঁধন। তবে এক দিনে আজকের এই জায়গায় পৌঁছাননি তিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।
বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশকিছু জায়গায় প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘মাস্টার’ও রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে।
রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে সিনেমাটি।
ছবিটির জন্য রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বাঁধন। সম্প্রতি এশিয়া পোস্টের অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন বাঁধন। যেখানে তিনি জানান এই উৎসব ঘিরে নানা অজানা কথা।
বাঁধন বলেন, উৎসবে আমরা সবাই নিজের টাকা দিয়েই গিয়েছিলাম। আমরা টাকা বাঁচাতে ২০ ঘণ্টা ট্রানজিটওয়ালা ফ্লাইট নিয়েছিলাম। এয়ারপোর্টে শুয়ে, বসে, ঘুমিয়ে সময় কাটিয়েছিলাম। ঠান্ডায় মারা যাই যাই অবস্থা। তারপর ফেস্টিভ্যাল উপভোগ করছি। এর মাঝে আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে নাসির ভাইয়ের প্রায় দেড় লাখ টাকা চুরি হয়ে যায়, হোস্টেলে আগুন লাগে। তখন আমরা তিনজনই ১০০ বার বলেছি আমাদের দেশ অনেক ভালো।




