বরিশাল জার্নাল ডেস্ক
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
সালাহউদ্দিন আম্মার লিখেছেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ১০ থেকে ১১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। নকল আর হবে না—এই কথাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ।
‘প্রশ্ন পাওয়া গেলে আর নকল কে করে ভাই! লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। শিক্ষাব্যবস্থা ধ্বংস করার জন্য পার্ফেক্ট চয়েজ ফ্রম বিএনপি।’
রাকসুর জিএস আরও লিখেছেন, একজন আন্টি অনুরোধ করছে আমি যেন গালি কম দেই, উনি ওমরায় গিয়ে আমার জন্য এই দোয়া করেছেন। আমি আর গালি দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি—কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে ফেরেশতায়ও গালি দিবে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘নকল আর হবে না! কিন্তু পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়া যাবে।’
ফেসবুক পোস্টের কমেন্টে একটি লিংক শেয়ার করে তিনি আরও লিখেছেন, পরীক্ষার আগের রাতে টেলিগ্রাম গ্রুপে টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়া যাচ্ছে! এশিয়া পোস্ট




