আ.আহাদ, তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিনে পুকুরে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনু হাওলাদার নুর হোসেনের তিন নাতিন পুকুরে গোসল গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের সন্ধানে বের হন।
না পেয়ে এক পর্যায়ে পুকুরে জাল মারতে থাকেন। দুপুর আড়াইটার দিকে একে একে তিন শিশুর লাশ উদ্ধার হয় পুকুর থেকে। নিহতরা হলো, মীম আক্তার (১০), মারজিয়া আক্তার (১০) ও রাফিয়া (৭)। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। স্বজনের আহাজারি যেন থামছেই না।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশু তিনটির মর্মান্তিক মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। লোকজন মারফত জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পানিতে ডুবে তিনজন নিহতের ঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।




