বানারীপাড়ায় বাড়ি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়ার ‘মাদক সম্রাট’ শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা এর নেতৃত্বে ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম এ অভিযান চালায়। এ সময় শাকিলকে বাড়িতে না পেলেও তার স্ত্রী মুনিয়া বেগমকে ৮ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

এ বিষয়ে শাকিলের বাবা আফসার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ১২ বছর ধরে শাকিল মাদক ব্যবসায় করে আসছে। আমি নিষেধ করলেও শুনেনি। এমনকি আমাকে ও আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আফসার আলী আরো আরো জানান,  বউ মুনিয়া ও শাশুড়ি জয়নব বেগম তার এই মাদক ব্যবসায় জড়িত আছে। তার মাদকের জাল পুরো বানারীপাড়া উপজেলা ব্যাপী বিস্তৃত।

শাকিল বিশেষ করে কিছু প্রভাবশালী রাজনৈতিক, সাংবাদিক ও প্রশাসনিক ব্যক্তিদের টাকা দিয়ে সুবিধা নেয় বলে অভিযোগ আছে। তার কাছ থেকে টাকা নেয়ার ব্যাপারে পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য সহ অনেকের নাম লোকমুখে শোনা যায়। কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় তার নামে মাদক মামলা আছে। বরিশালে র‍্যাবের হাতে ১শ পিস ইয়াবাসহ আগে একবার আটক হয় শাকিল। কিন্তু জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ শুরু করে।

এলাকাবাসী জানায়, প্রতিনিয়ত মাদক বেচাকেনার কৌশল পরিবর্তন করে শাকিল ও তার দল। প্রতিদিন সকাল থেকে মাদকসেবীদের আনাগনা শুরু হয়ে রাত পর্যন্ত চলে।  জানা যায়, ঝামেলা এড়াতে মোবাইলফোনে অর্ডার নিয়ে মাদক বিক্রি করে সে।

এ বিষয়ে বানারীপাড়ার অফিসার ইনচার্জ বলেন, বানারীপাড়া উপজেলায় কোন মাদক ব্যবসা চলবে না। মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলা হবে এ কথা বলে তিনি সাধারণ জনগণকে আশ্বস্ত করেন। শাকিলের বিরুদ্ধে ওসি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান। মাদক ব্যবসায়ী শাকিলের স্ত্রীকে আটক করায় এলাকাবাসী বানারীপাড়ার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফাকে ধন্যবাদ জানায়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top