বরিশাল জার্নাল ডেস্ক
অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।
গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে। তার মা পান্না কায়সার আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য। পারিবারিকভাবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শমী কায়সার কয়েক বছর ধরে সবখানে দলীয় প্রভাব খাটিয়েছেন।
সবশেষ কোটাবিরোধী আন্দোলনের সময় বিটিভি ভবনে শিল্পীদের নিয়ে গিয়ে প্রতিবাদ জানান তিনি। এছাড়া ‘আলো আসবেই’ নামে একটি বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ড বেশ আলোচনায় আসে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তাঁর সরকারের মন্ত্রী ও দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ শমী কায়সারকে গ্রেপ্তার করা হলো।
শমী কায়সার ই–কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) এর সভাপতি ছিলেন।




