গ্রেফতারের পর গৌরনদী বিএনপির তিন নেতা-কর্মী বহিষ্কার

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জাকির হোসেন, সদস্য ফরহাদ হোসেন এবং বিএনপির কর্মী নাজমুল হাসান মিঠু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, এবং দলের নীতি ও সংহতির পরিপন্থী নানা আচরণের কারণে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ, বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠু, এবং যুবদল কর্মী এসএম সজীব শরীফ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা টরকী বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত শুক্রবার রাতে বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠু টরকী বন্দরের মোবাইল রিচার্জ ব্যবসায়ী একে এম জামিল সিকদারকে ফোন করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরবর্তীতে মঙ্গলবার রাতে বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, তার খালাতো ভাই যুবদল কর্মী এসএম সজীব শরীফ, এবং তাদের স্বজন পৌর বিএনপির আহ্বায়ক এসএম জাকির শরীফ ও সদস্য ফরহাদ শরীফ মিলে ব্যবসায়ী মিঠু সিকদারের বাসায় গিয়ে চাঁদার টাকা দাবি করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা জানালে তাকে মারধর করা হয়। তবে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিএনপি নেতারা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে ব্যবসায়ী মিঠু সিকদার ও তার বোন তহমিনা আক্তার পাখি স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করেন এবং থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মো. ইউনুস মিয়া আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে সেনা সদস্যরা রাতেই টরকী বন্দর এলাকা থেকে চারজনকে আটক করেন এবং ব্যবসায়ীর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

যদিও এ বিষয়ে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন এস এম জাকির হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top