বরিশাল জার্নাল ডেস্ক
সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াত ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক (বাহাদুর শাহ পার্ক) থেকে মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে গিয়ে একত্রিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশালে জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন প্রায় বিশ হাজার নেতাকর্মী। দলীয় সূত্র জানিয়েছে, ৫টি লঞ্চ এবং ৭০টি বাসযোগে তারা ঢাকায় পৌঁছান।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা নায়েবে আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারী ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খাঁন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আজম খান, নুরুল হক সোহরাব ও অধ্যাপক মাসুদুর রহমান শিকদার প্রমুখ।
মিছিলে অংশগ্রহণকারীরা দলে দলে ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা বহন করেন। “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা”, “গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা” এবং “নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন”—এই ধরনের দাবি সম্বলিত স্লোগানে মুখর ছিল রাজধানীর রাজপথ।
মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, গণমানুষের অধিকার হরণ, ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং দমন-পীড়নের প্রতিবাদে আজকের এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দিচ্ছে। বরিশালের জনগণ অতীতেও ইসলাম ও ন্যায়ের পক্ষে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”




