ভোর থেকেই লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

বরিশাল জার্নাল ডেস্ক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা ২টায় জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবি আদায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি, প্রচার ও মাঠপর্যায়ের ব্যাপক কাজ করেছে জামায়াতে ইসলামী। এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি।

তবে সমাবেশ শুরু হওয়ার দীর্ঘ সময় আগেই লোকে লোকারণ্য হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানেই ফজরের নামাজে অনুষ্ঠিত হয়েছে বিশাল জামাত।

সমাবেশ উপলক্ষে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলটি। ব্যানার, ফেস্টুন, নিয়মিত মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ ও মাইকিং করছে দলটি। সরেজমিন রাজধানীর পল্টন, শাহবাগ, মালিবাগ, মিরপুর, বাড্ডা, মহাখালীসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। মাঠ পরিদর্শন করে দেখা গেছে, স্টেজ নির্মাণ, ওজু, টয়লেট নির্মাণসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে দলটি।

সমাবেশ থেকে সাত দাবি জানাবে জামায়াত : সমাবেশে সাতটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরবে জামায়াত। দাবিগুলো হলো- ১. ২০২৪ সালের ৫ আগস্টসহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা। ২. রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা। ৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন। ৫. পিআর পদ্ধতিতে নির্বাচন। ৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এবং ৭. রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

সমাবেশে অন্য দলের নেতাদেরও আমন্ত্রণ : জামায়াত নেতারা জানিয়েছেন, এ সমাবেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যান জাতীয় সমাবেশ অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত : গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে পরিদর্শন টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: সাহাবুদ্দিন ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও ডা: ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ।

উদ্যান পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল-হামদুলিল্লাহ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল্লাহ তায়ালার কাছে কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন আমাদের জাতীয় সমাবেশ যথাযথভাবে সফল করার তাওফিক দান করেন। আপনারাও দোয়া করবেন এবং দেশবাসীর কাছেও দোয়া চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top