বাকেরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শফিকুল ইসলাম,  বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ‘পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আওয়ামী খুনি-সন্ত্রাসীদের বিচারের দাবিতে’ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাকেরগঞ্জ বন্দর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে শেষ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিন, এইচএম জাফরুল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি আওয়ামিলীগ পালিয়ে গেলেও তাদের দোষররা এখনো ঘাপটি মেরে রয়েছে। তারা দেশকে অস্থিরতার মধ্যে ফেলতে চায়। তাদের সে সুযোগ দেয়া হবেনা। আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ বিচার করতে হবে।

বক্তরা বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে প্রকাশ্যে মানুষ হত্যার পরে লাশের ওপর উন্মত্ত নৃত্যে হতবাক হয় বিশ্ব। এ ঘটনায় পল্টন ও শাহবাগ থানায় পৃথক ৫টি মামলা হয়। পল্টন থানায় করা পাল্টাপাল্টি দু’টি মামলার একটি ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই প্রত্যাহার করা হয়।

ক্ষমতাসীন ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা অন্য মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেয়া হয়। সে সব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা আসামি ছিলেন। অপর দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আসামি করে যে মামলাটি হয়েছিল তা উচ্চ আদালত স্থগিত করে রেখেছেন। সে দিনের লগি বৈঠার তাণ্ডবের কথা স্মরণ হলে আজো আঁতকে ওঠে মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top