দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তবর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন । রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন বলে একজন উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন তিনি। বিএনপির মহাসচিব  বলেন, ‘আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। বুকের ওপর থেকে পাথর গেছে। কিন্তু পাথর গেলেও এখনো কিন্তু স্বস্তি নেই। কোথায় যেন আটকে আছি। আমাদের জনগণের সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি।’

সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনার (ড. মুহাম্মদ ইউনূস) সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই সুনাম রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ। যে দায়িত্ব আপনার ওপর পড়েছে, সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেবেন।’

নাম উল্লেখ না করে একজন উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করি না, এই মাপের মানুষ এ ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করি না। আমরা বাংলাদেশকে হাসিনামুক্ত করার জন্য কাজ করেছি। জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দ্রুত করছি।’

দ্রুত নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘যত দেরি করবেন, তত হাসিনারা আবার ফিরে আসবেন। তাই এখনো বলছি, আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল যা আছে, তা সাফ করে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top