তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে গ্রেফতার

বরিশাল জার্নাল ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নেয়া হয়েছে। রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার একটি বাড়িতে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা সিআইডির একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারর করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি।

উল্লেখ্য, তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।

এ মামলায় ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথীকে এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top