বরিশাল জার্নাল ডেস্ক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন। তিনি ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে অনেকটা আত্মগোপনে ছিলেন। সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিব পদ থেকে অপসারণ করে।
মানবজমিন




