জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল):
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশালের উজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় উজিরপুর চৌরাস্তা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উজিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদারসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
সমাবেশে প্রধান বক্তা মো. হুমায়ুন খান তার বক্তব্যে বলেন, দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার অসৎ উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ধরনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। তাদের এই গভীর চক্রান্ত ও অপরাজনীতি রুখে দিতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের সকল নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবি জানান এবং জনস্বার্থ রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।




