বানারীপাড়ায় ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার আঘাতে গুরুতর আহত কাপড় ব্যবসায়ী সুলতান হোসেন খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৫ এপ্রিল রাতে পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে দুই ভাই শাহজাহান খান ও সুলতান হোসেন খানের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাহজাহানের ছেলে রুবেল খান শাবল দিয়ে সুলতান হোসেনের মাথায় আঘাত করেন। পাশাপাশি শাহজাহান খান, রুবেলের স্ত্রী লামিয়া আক্তার ও অন্যান্য স্বজনরা কোদাল ও পাইপ দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সুলতান হোসেনকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়G যেখানে ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।

এ ঘটনায় ৬ এপ্রিল নিহতের বোন নাসিমা বেগম বানারীপাড়া থানায় বড় ভাই শাহজাহান খান, ভাতিজা রুবেল খান, রুবেলের স্ত্রী লামিয়া আক্তারসহ সাতজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি শাহজাহান ও রুবেলকে পুলিশ গ্রেফতার করে বরিশাল জেলা কারাগারে পাঠায়। পরে রুবেলের স্ত্রী লামিয়া জামিনে মুক্তি পান।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা জানান, আহত সুলতান হোসেনের মৃত্যুর ঘটনায় পূর্বের মামলা হত্যা মামলায় রূপান্তর করা হবে। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পারিবারিক সূত্র জানায়, নিহত সুলতান হোসেন খান স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top