মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসাইন। ২০২৭-২০২৮ সেশনের জন্য সংগঠনের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় জেলা আমীর নির্বাচিত হন।
গত ২০ অক্টোবর ভোলায় অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পাঠানো ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার পুরুষ ও মহিলা রুকনরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত জেলা ও মহানগরী আমীরদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর জেলা ও মহানগরী আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৭-২০২৮ সেশনের জন্য সারাদেশে এ নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মো. জাকির হোসাইন এর আগে ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনেও ভোলা জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলা শাখার একাধিক সেশনে সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন।




