জেলা জামায়াতের নতুন আমির, কে এই ড. মাহফুজ

আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন ডক্টর এস.এম মাহ্ফুজুর রহমান।
বরিশাল জেলা জামায়াতের দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ০২ (দুই) বছর পর পর জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগরী কমিটির মেয়াদ শেষ হবে। তাই কেন্দ্রীয় সংগঠন সারাদেশে নতুন জেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ০১ অক্টোবর-২০২৬ থেকে ৩১ অক্টোবর-২০২৬ পর্যন্ত জেলা আমীর নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন করেন।

বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ০৩ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে কেন্দ্র থেকে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে পুরুষ ও মহিলা সদস্যরা (রুকন) ২০২৭-২০২৮ সেশনের জন্য বরিশাল জেলার নতুন আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।

সম্মেলনে জেলার সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারকে কেন্দ্রের দায়িত্বশীল হিসেবে ঘোষণা করা হয়। আবদুল জব্বার ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে বরিশাল জেলা আমির এবং ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বরিশাল পূর্ব জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রনেতা থেকে জেলার নেতৃত্বে

নবনির্বাচিত আমির ডক্টর এস.এম মাহ্ফুজুর রহমান ২০০০ সালে বরিশাল পূর্ব জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে জেলা শাখায় দায়িত্ব পালন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি বরিশাল পূর্ব জেলার অফিস সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ড সেক্রেটারিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০১০ সালে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০২৩-২০২৪ সেশন থেকে কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তে পূর্ব ও পশ্চিম সাংগঠনিক জেলা একত্র করে বরিশাল জেলা জামায়াত গঠিত হয়। ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে তিনি বরিশাল জেলা নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ এবং ২০২৬-২০২৮ সেশনে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ী বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে।

পেশাগত জীবনে তিনি উজিরপুর গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে চাকরিরত রয়েছেন। তিনি রাজধানীর সরকারী কবি নজরুল কলেজ থেকে ইসলাম শিক্ষা বিভাগে বি.এ (অনার্স) ও এম.এ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আররি ও ইসলামী শিক্ষা বিষয়ে  ২০০৮ সালে এমফিল ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top