এইচ. এম. খলিল
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার চীনা অর্থায়নে তিনটি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার মহৎ ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ করায় বরিশাল বিভাগের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
আমরা বরিশাল বিভাগবাসী আনন্দের সঙ্গে জেনেছি যে, একটি হাসপাতাল ইতোমধ্যে রংপুর বিভাগে স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই মহৎ উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতের জন্য নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা বরিশাল বিভাগবাসীর পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি , আমাদের নদীমাতৃক বরিশাল বিভাগ বহুদিন ধরেই চিকিৎসা অবকাঠামোর দিক থেকে অবহেলিত ও বঞ্চিত। তাই আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার অভাবে এখানকার মানুষকে এখনো রাজধানী বা অন্য বিভাগে ছুটে যেতে হয়- যা বরিশালবাসীর সময়, অর্থ ও জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলায় একটি চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপন সময়ের দাবি এবং বাকেরগঞ্জের গণমানুষের প্রাণের আর্জি। বাকেরগঞ্জ উপজেলাবাসী বিশেষভাবে অনুরোধ করছি, সাবেক বাকেরগঞ্জ জেলা ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ ও ভৌগলিকভাবে উপযোগী এই প্রেক্ষাপটে বাকেরগঞ্জে হাসপাতাল স্থাপনের জন্য বিবেচনায় নেওয়া হোক। বরিশাল, পটুয়াখালী,বরগুনা, ঝালকাঠি ও আশপাশের এলাকার লাখো মানুষের জন্য এটি হতে পারে এক নির্ভরযোগ্য ঠিকানা।
মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে। আমরা বিশ্বাস করি, এই ন্যায্য দাবি আপনার সদয় বিবেচনায় সম্মানিত হবে ইনশাআল্লাহ । বরিশাল বাকেরগঞ্জ বাসীর অন্তরে একটাই প্রত্যাশা-চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল চাই, বরিশালের বাকেরগঞ্জে চাই।
লেখক : সাংবাদিক, বাকেরগঞ্জ




