রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজার সামনে মুড়ির একটি প্যাকেট দেখতে পান। সেটি ঘরে নিয়ে রাখতেই বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে জামায়াতের এক নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোরে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও দিঘলিয়ার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে ভোর ৬টার দিকে মসজিদ থেকে ফিরছিলেন মনিরুল। এ সময় তার বাড়ির দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন। মুড়ির প‍্যাকেটটি ঘরের ভেতর মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে। স্থানীয় লোকজন খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বাংলা ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top