শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া কবর তৈরি করে রহস্য সৃষ্টির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। পরে প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে নিজেদের তৈরি করা সেই কবর সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়েই ভেঙে ফেলা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, কদমবাড়ি গ্রামে একটি কবরকে কেন্দ্র করে রহস্য তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু স্যাটেলাইট টেলিভিশনে প্রচার করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় আইনি তৎপরতা।
এরই ধারাবাহিকতায় আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল এবং আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জিজ্ঞাসাবাদে আসল সত্য বেরিয়ে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনের কাছে স্বীকার করেন যে, তাঁরা মারাত্মকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। মূলত ঋণের চাপ থেকে মুক্তি পাওয়ার এবং সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করার হীন উদ্দেশ্যে তাঁরা নিজেরাই এই কবরটি তৈরি করেছিলেন। পরবর্তীতে এই কবরকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভুল করার কথা স্বীকার করেন তাঁরা।
প্রশাসনের এই সময়োপযোগী ও বিচক্ষণ অভিযানের ফলে একটি কুচক্রী মহলের তৈরি করা রহস্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান হয়েছে।




