সিজারে বাচ্চার জন্ম দিলো গাভী

 

মোঃ হানফি সরদার, গৌরনদী (বরিশাল) :  এবার গাভীর পেটে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর খবর পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের। লোকমূখে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে গাভি ও বাচ্চাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় করে।

ওই গ্রামের শংকর হালদারের স্ত্রী পারুল হালদার জানান, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি অনেক চেষ্টা করে স্বাভাবিক ভাবে গাভিটির বাচ্চা প্রসব করাতে ব্যার্থ হন। এক পর্যায়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকদের খবর দেওয়া হয়। তারা এসে আমার বাড়িতে বসেই সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হন। সিজারসহ ওষুধ খরচ মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা এতে খরচ হয়েছে। বর্তমানে গাভী ও বাছুর দুটোই সুস্থ্য আছে।

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, মাত্র ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়। এরপর থেকে মাঝে মধ্যেই আমি গাভীটি দেখতে যেতাম। গত ১৩ এপ্রিল দুপুরে গাভীটির প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয়। দীর্ঘক্ষণ চেষ্টা করে স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসব করাতে না পেরে আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদকে খবর দেই। তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করান। গাভীটি কম বয়সে গর্ভধারণ করায় এমনটা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিজারিয়ান অপারেশেনের মাধ্যমে গাভীকে বাচ্চা প্রসব করানোর ঘটনা গৌরনদী উপজেলায় এই প্রথম বলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ওই কর্মকর্তারা জানিয়েছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top