শেষ বিকেলে তাইজুলের চমক

মিরপুরের চেনা উইকেটেও তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ। শান্ত-মুশফিকদের ব্যর্থতার পর শেষ বিকেলে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন বোলাররা। বিশেষ করে তাইজুল ইসলাম। তার ৫ উইকেটের দিনে সফরকারীরা লিড নেওয়ার আগেই ৫ উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ। তবে ৪ উইকেট হাতে নিয়ে এগিয়ে থেকেই দিন শেষ করেছে প্রোটিয়ারা।

মিরপুর টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে ৩৪ রানে এগিয়ে আছে সফরকারীরা।

বাংলাদেশকে দ্রুত অলআউট করে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের মতোই সফরকারীদেরও শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারে এইডেন মার্করামকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এই পেসারের বলে বোল্ড হওয়ার আগে ৬ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক। পরে তাইজুলের জাদুতে দিন শেষে তাদের স্কোর দাড়ায় ১৪০/৬ রানে।

এর আগে ১০৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। মিরপুরে সকাল থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ দল। এক প্রান্তে ওপেনার মাহমুদুল হাসান জয় কিছুটা (৩০) প্রতিরোধ গড়লেও আরেক প্রান্তে চলে আসার যাওয়ার মিছিল। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাদমান ইসলাম বিদায় নেন উইয়ান মুলডারের বলে। দলীয় রান তখন ৬। এরপর মুমিনুল হক ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ ও অভিজ্ঞ মুশফিকুর রহীম ১১ রান করে বিদায় নিলে ৪৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

৬ উইকেটে ৬০ রান নিয়ে মধ্যাহ্ণ বিরতিতে যাওয়া দলটি বিরতির পর ফিরেও দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে। লিটন দাস ১ মেহেদি মিরাজ ১ ও অভিষিক্ত জাকের আলী ২ রান করে সাজঘরে ফেরেন। অন্য কেউ নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে মুলডার,  কাগিসো রাবাদ ও কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top