সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

জাপানের বিপক্ষে হারের ক্ষত একপাশে রেখে পরের ম্যাচেই বিশ্ব ফুটবলে নিজেদের শক্তির জানান দিলো ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথম ২১ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। নবম মিনিটে গোল উৎসবের সূচনা করেন ভিনিসিয়ুস। মাঝমাঠে সিঙ্গাপুর অধিনায়ক হারিস হারুনের ভুল পাস থেকে বল পেয়ে আক্রমণ সাজান ব্রুনো গিমারেস। তার বাড়ানো বল ধরে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়ুস।
এর ছয় মিনিট পর আবারও জালের দেখা পান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এবার সতীর্থ এন্দ্রিকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্রাজিলের চতুর্থ গোলটি করেন এন্দ্রিক। প্রথমার্ধে আরও দুবার জালে বল পাঠালেও ফাউল ও অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়।
বিরতির পরও থামেনি ব্রাজিলের গোল উৎসব। ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৫-০। এর এক মিনিট পর পাল্টা আক্রমণে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ফারহান জুলকিফলি। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৫ মিনিটে দারুণ গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ষষ্ঠ গোলটি করেন রায়ান। এরপর ৭৪ মিনিটে অ্যালানের শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে ঢুকলে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
৭৭ মিনিটে পেনাল্টির সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে স্বাগতিকদের গোলের অপেক্ষা আর ঘোচেনি।
তিন দিন আগে একই স্টেডিয়ামে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে সেই হারের কোনো প্রভাবই দেখা যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top