চটকদার বিজ্ঞাপনে অন্ধবিশ্বাস নয়, সন্তান ভর্তির আগে যাচাই করুন শিক্ষার মান

জাহাঙ্গীর আলম হৃদয়

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে জমে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম। বিশেষ করে নূরানী মাদ্রাসা, হিফজখানা ও কিন্ডারগার্টেনগুলো অভিভাবকদের আকৃষ্ট করতে এখন নানা ধরনের প্রচারকৌশল অবলম্বন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি চোখধাঁধানো ভিডিও বিজ্ঞাপন। কোথাও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণিকক্ষ, কোথাও আধুনিক আবাসনব্যবস্থা, আবার কোথাও শিক্ষার্থীদের অনর্গল ইংরেজি বলা কিংবা সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের দৃশ্য তুলে ধরে প্রতিষ্ঠানগুলোর সাফল্য প্রচার করা হচ্ছে।

এসব আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেক অভিভাবকই সহজে প্রভাবিত হচ্ছেন। সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় ভর্তি করাচ্ছেন পছন্দের প্রতিষ্ঠানে। কিন্তু বিজ্ঞাপনের পর্দায় যে চিত্র ফুটে ওঠে, বাস্তবে তার সঙ্গে কতটা মিল রয়েছে? শিক্ষার মান, আবাসনব্যবস্থা, পরিবেশ ও শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা কতটা সন্তোষজনক? এসব প্রশ্নের উত্তর না জেনে শুধু প্রচারণার ওপর নির্ভর করে সন্তানকে ভর্তি করানো কতটা যুক্তিসংগত?

সম্প্রতি নিজের সন্তানকে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে এমন কিছু বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছি, যা অভিভাবক হিসেবে আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

বিজ্ঞাপনের ‘ভিআইপি শাখা’ বনাম বাস্তব চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে সন্তানকে ভর্তির উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাই আমি ও আমার স্ত্রী। বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটির সাধারণ শাখার পাশাপাশি বিশেষভাবে প্রচার করা হচ্ছিল ‘ভিআইপি শাখা’র সুযোগ-সুবিধা। আধুনিক পরিবেশ, উন্নত আবাসন ও মানসম্মত শিক্ষার নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল সেখানে।

প্রতিষ্ঠানে পৌঁছানোর পর পরিচালক আমাদের স্বাগত জানান এবং পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। পুরোনো ভবনের ওপর নতুন করে ভবন সম্প্রসারণের কাজ চলছিল। একপর্যায়ে প্রতিষ্ঠানের বহুল প্রচারিত ‘ভিআইপি শাখা’র আবাসিক কক্ষ দেখার সুযোগ হয়। কক্ষটির বাস্তব অবস্থা দেখে আমরা বিস্মিত হয়ে পড়ি।

গাদাগাদি আবাসন, প্রশ্নের মুখে শিশুদের স্বাস্থ্য

আনুমানিক ১২ বাই ১৪ ফুটের একটি ছোট কক্ষে রাখা হয়েছে তিনটি তিনতলা বাঙ্ক বেড। প্রতিটি বেডের নিচের তলায় দুজন, মাঝের তলায় একজন এবং ওপরের তলায় দুজন করে শিক্ষার্থীর থাকার ব্যবস্থা। অর্থাৎ মাত্র একটি কক্ষে মোট ১৫ জন শিশুর আবাসনের ব্যবস্থা করা হয়েছে। কক্ষটিতে এসি থাকলেও এতগুলো শিশুর জন্য পর্যাপ্ত জায়গা, স্বাভাবিক বায়ু চলাচল এবং স্বাস্থ্যসম্মত আবাসিক পরিবেশ নিশ্চিত হয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়। শুধু এসি থাকলেই তো একটি কক্ষ শিশুর বসবাসের উপযোগী হয়ে ওঠে না।

প্রচারিত শিক্ষার মানের সঙ্গে বাস্তবতার অমিল

বিজ্ঞাপনে শিক্ষার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে দেখা গেলেও সরাসরি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তার ইংরেজি দক্ষতায় বেশ কিছু ঘাটতি চোখে পড়ে। আরেকজন শিক্ষার্থীকে কোরআন তিলাওয়াত করতে বললে তার তিলাওয়াতের মানও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমনকি একজন শিক্ষার্থীর হাতের লেখার খাতা দেখে পাতায় পাতায় বানান ও লেখার অসংখ্য ভুল নজরে আসে।

অর্থাৎ বিজ্ঞাপনে যে দক্ষতা ও শিক্ষার মান তুলে ধরা হয়েছিল, সরেজমিনে তার সঙ্গে বাস্তব চিত্রের যথেষ্ট অমিল পাওয়া যায়। সেদিন সরাসরি প্রতিষ্ঠানটি পরিদর্শন না করে শুধু বিজ্ঞাপনের চাকচিক্য দেখে সন্তানকে ভর্তি করালে বড় ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হতো—এমন উপলব্ধিই তৈরি হয়েছে।

পরবর্তী শিক্ষাস্তরে গিয়ে ধরা পড়ে শিক্ষার ঘাটতি

শুধু একটি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নয়, মান যাচাই না করে নূরানী মাদ্রাসায় সন্তানদের ভর্তি করানোর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে।

তিনি জানান, অনেক নূরানী মাদ্রাসায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এরপর শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণিতে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে তাদের মৌলিক শিক্ষার বিভিন্ন ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।

ওই শিক্ষকের ভাষায়, “এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের লেখা মোটামুটি ভালো থাকে। আরবি পড়ার ক্ষেত্রেও তারা কিছুটা দক্ষতা অর্জন করে। তবে ইংরেজিতে চতুর্থ শ্রেণির একজন শিক্ষার্থীর যে ধরনের সাবলীলতা থাকার কথা, অনেকের মধ্যে তা দেখা যায় না। তারা পড়তে পারে, কিন্তু পড়ার সময় আটকে যায়, অনেক ক্ষেত্রে তোতলানোর মতো করে পড়ে। অবশ্য ব্যতিক্রমও রয়েছে। পাশাপাশি গণিতেও অনেক শিক্ষার্থীর দুর্বলতা ও ভুল চোখে পড়ে। প্রতিষ্ঠানগুলো যদি আরবি ও হাতের লেখার পাশাপাশি ইংরেজি এবং গণিত শিক্ষায় সমান গুরুত্ব দিত, তাহলে শিক্ষার্থীদের ভিত্তি আরও মজবুত হতো।”

শিক্ষকের এই বক্তব্য থেকে স্পষ্ট, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার ভিত্তি শক্তিশালী করাও সমান জরুরি। কারণ একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠে সামগ্রিক শিক্ষার সমন্বয়ে।

প্রবাসী ও মফস্বলের অভিভাবকদের অসচেতনতার সুযোগ?

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের আবাসিক শাখায় প্রবাসী পরিবারের সন্তানদের সংখ্যাই বেশি। প্রবাসে অবস্থান করার কারণে অনেক অভিভাবকের পক্ষে নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শন করা সম্ভব হয় না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন, ভিডিও ও প্রতিশ্রুতির ওপর নির্ভর করেই তাঁরা সন্তানদের ভর্তি করান।

অন্যদিকে, মফস্বল এলাকার অনেক অভিভাবক কর্মব্যস্ততা, যাতায়াতের অসুবিধা কিংবা সন্তানকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখার সুযোগ না থাকায় আবাসিক মাদ্রাসা ও কিন্ডারগার্টেনকে উপযুক্ত বিকল্প মনে করেন। সন্তানের নিরাপদ ভবিষ্যৎ ও ভালো শিক্ষার প্রত্যাশায় তাঁরা প্রতিষ্ঠানের প্রচারণায় আস্থা রাখেন।

কিন্তু ভর্তি করানোর পর নিয়মিত খোঁজখবর ও তদারকির অভাবে অনেক সময় শিক্ষার্থীদের প্রকৃত অগ্রগতি সম্পর্কে অভিভাবকেরা অন্ধকারেই থেকে যান। ফলে শিক্ষার্থী নির্দিষ্ট সময় শেষে হাফেজ কিংবা শিক্ষিত হিসেবে পরিচিতি পেলেও তার কোরআন তিলাওয়াত, সাধারণ শিক্ষা ও মৌলিক দক্ষতায় প্রত্যাশিত মান অর্জিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

এখানে মনে রাখা প্রয়োজন, সব প্রতিষ্ঠান এক রকম নয়। অনেক মাদ্রাসা ও কিন্ডারগার্টেন আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলছে। তবে কিছু প্রতিষ্ঠানের অতিরঞ্জিত প্রচারণা, বাণিজ্যিক মনোভাব এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রতিশ্রুতি পুরো শিক্ষাব্যবস্থার প্রতি অভিভাবকদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সন্তান ভর্তির আগে যেসব বিষয় যাচাই করবেন

সন্তানের শিক্ষাজীবনের প্রাথমিক ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে ভুল সিদ্ধান্তের প্রভাব পরবর্তী শিক্ষাজীবনেও পড়তে পারে। তাই শুধু বিজ্ঞাপন কিংবা অন্যের কথায় প্রভাবিত না হয়ে প্রতিষ্ঠান নির্বাচনের আগে অভিভাবকদের কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

১. বিজ্ঞাপনের চাকচিক্যে প্রভাবিত হবেন না: এআই ও ডিজিটাল সম্পাদনার মাধ্যমে একটি সাধারণ প্রতিষ্ঠানকেও অত্যাধুনিক ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা সম্ভব। তাই ভিডিও দেখে আবেগপ্রবণ না হয়ে বিজ্ঞাপনে দেখানো সুযোগ-সুবিধার বাস্তবতা যাচাই করুন।

২. সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন করুন: সম্ভব হলে স্বামী-স্ত্রী দুজনই প্রতিষ্ঠানটি ঘুরে দেখুন। শুধু পরিচালকের কক্ষ বা সামনের অংশ নয়, শ্রেণিকক্ষ, আবাসিক কক্ষ, শৌচাগার, খাবারের জায়গা ও পুরো পরিবেশ পর্যবেক্ষণ করুন।

৩. আবাসন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করুন: একটি কক্ষে কতজন শিক্ষার্থী থাকছে, প্রত্যেকের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কি না, আলো-বাতাস চলাচলের ব্যবস্থা কেমন, বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আছে কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখুন।

৪. শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা যাচাই করুন: প্রতিষ্ঠানে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলুন। তাদের খাতাপত্র দেখুন। শ্রেণি অনুযায়ী ইংরেজি পড়া, গণিত সমাধান এবং আরবি পাঠ বা কোরআন তিলাওয়াতের দক্ষতা যাচাই করুন। এতে পাঠদানের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

৫. শিক্ষকদের যোগ্যতা ও পাঠদানপদ্ধতি জানুন: শুধু প্রতিষ্ঠানের সাজসজ্জা নয়, শিক্ষক কারা, তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কেমন, শিক্ষার্থীদের প্রতি তাঁদের আচরণ কেমন এবং নিয়মিত পাঠদান হয় কি না, তা জেনে নিন।

৬. পুরোনো অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলুন: ভর্তি হওয়ার আগে অন্তত কয়েকজন পুরোনো অভিভাবকের মতামত নিন। প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষার মান, আবাসিক পরিবেশ ও প্রতিশ্রুত সেবার বাস্তবতা সম্পর্কে তাঁদের কাছ থেকে নিরপেক্ষ ধারণা পাওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো না করে প্রয়োজনে দুই-চার দিন সময় নিন।

শিশুর ভবিষ্যৎ বিজ্ঞাপনের হাতে নয়, অভিভাবকের সচেতনতায়

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় তার বিজ্ঞাপনের চাকচিক্যে নয়; বরং শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশে। বিশেষ করে নূরানী ও হিফজ শিক্ষার ক্ষেত্রে কোরআন শিক্ষার বিশুদ্ধতা, শিক্ষকের যোগ্যতা, শিক্ষার্থীদের প্রতি যত্ন এবং সাধারণ শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিভাবকদের সচেতনতার পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞাপনে যে সুযোগ-সুবিধা ও শিক্ষার মানের প্রতিশ্রুতি দেওয়া হয়, বাস্তবেও তা নিশ্চিত করতে হবে। শিশুদের আবাসন, খাবার, স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার মানকে কোনোভাবেই ব্যবসায়িক প্রচারণার আড়ালে রাখা যাবে না।

সন্তান কোনো প্রতিষ্ঠানের প্রচারণা বাড়ানোর উপকরণ নয়; সে একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা ও ভবিষ্যৎ। তাই তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। মনে রাখতে হবে, চোখধাঁধানো বিজ্ঞাপন একটি প্রতিষ্ঠানকে পরিচিত করতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা ও যোগ্য মানুষ গড়ে তোলার নিশ্চয়তা দিতে পারে না।

তাই এআইয়ের তৈরি চটকদার বিজ্ঞাপনে অন্ধবিশ্বাস নয়—সন্তানকে নূরানী মাদ্রাসা, হিফজখানা কিংবা কিন্ডারগার্টেনে ভর্তি করানোর আগে সরেজমিনে যাচাই করুন শিক্ষার মান, পরিবেশ ও নিরাপত্তা। জেনে, বুঝে এবং নিশ্চিত হয়েই নিন সন্তানের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত।

লেখক : সংবাদকর্মী, অভিভাবক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top