বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল নগরীর একটি শপিং সেন্টারের মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। দোকানের শাটারের তালা কেটে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা, ৫৫টি মোবাইল ফোন ও বিভিন্ন অ্যাকসেসরিজসহ প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকালে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারের চতুর্থ তলায় ‘ব্লু-ফোন’ নামের দোকানে এই চুরির ঘটনা টের পায় দোকান মালিক। ঘটনাটি ঘটে গতকাল রাতের কোনও এক সময়।
দোকানটির মালিক নাঈম আহম্মেদ এই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে চলে যান নাঈম। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলতে এসে শাটারের তালা কাটা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়া মোবাইল ফোনের মধ্যে আইফোন ১২ ও আইফোন ১২ প্রো মডেলের ফোনও রয়েছে।
সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ১০ হাজার টাকা, দাবি দোকান মালিকের।
বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর (তদন্ত) সহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চুরির মামলা নেওয়া হচ্ছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হবে।
আগামীর সময়




