উজিরপুর প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা দখলের ঘোষণা দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক মোঃ আসাদ মোল্লা (৩০) গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, আসাদ মোল্লা বর্তমানে উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আসাদ মোল্লার বিরুদ্ধে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, আটককৃত আসাদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




