ধর্ম ভিন্ন, বন্ধন অটুট: বাল্যবন্ধুর জানাজায় নীরবে দাঁড়িয়ে শেষ বিদায়

জিব্রান কাদির, উজিরপুর

ধর্মের দেয়াল কখনো সত্যিকারের বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না—তারই এক অনন্য ও হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে। জীবনের শেষ মুহূর্তেও বাল্যবন্ধুকে একনজর দেখতে ছুটে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে জানাজায়  অংশ না নিলেও, ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য অপলক দৃষ্টিতে দেখেছেন তিনি।

সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মারা যান স্থানীয় কৃষক হাকিম ডাকুয়া (৭০)। শৈশব থেকে আমৃত্যু দুজন একসঙ্গে পথ চলেছেন। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকা প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়ে স্থির থাকতে পারেননি সুরেশ। বয়সের ভার ও বার্ধক্যকে উপেক্ষা করে তিনি ছুটে যান মরহুমের বাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন উঠানে হাকিম ডাকুয়ার জানাজার নামাজ চলছে, তখন সুরেশ নিচতলায় না গিয়ে ব্রিজের ওপর একপাশে নীরবে দাঁড়িয়ে থাকেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি সম্মান জানিয়ে দূরত্ব বজায় রাখলেও, তার চোখে-মুখে ছিল প্রিয় বন্ধু হারানোর গভীর বেদনা ও শেষবারের মতো দেখার আকুলতা। দীর্ঘক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে তিনি নীরব শ্রদ্ধায় বিদায় জানান তার আজীবনের বন্ধুকে।

স্থানীয়রা বলছেন, সুরেশের এই উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও অকৃত্রিম বন্ধুত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ যে কতটা গভীর হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ।

মৃত্যু হাকিম ডাকুয়াকে কেড়ে নিলেও, সুরেশের এই নীরব ও আবেগঘন উপস্থিতি দুই বন্ধুর আজীবনের স্মৃতিকে এলাকাবাসীর হৃদয়ে চিরকাল অমর করে রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top