উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, কাজের তদারকিতে গাফিলতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার সম্প্রতি এ অভিযোগ দায়ের করেন।
দুদকে দেওয়া লিখিত অভিযোগে মাছুম হাওলাদার উল্লেখ করেন, সুব্রত রায় উজিরপুর উপজেলায় কর্মরত থাকাকালে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ব্রিজ নির্মাণ, সড়ক মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের সঙ্গে গোপন আঁতাত করে সরকারি অর্থের অপচয় এবং অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, বিভিন্ন উন্নয়নকাজের যথাযথ তদারকি না করার কারণে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাছুম হাওলাদার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




